কলকাতাজেলারাজ্যহাওড়া

আজো চলবে দুর্যোগ

শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল আজ বিকালের মধ্যেই সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে পৌঁছে যাবে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূমে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে নদিয়া ও মুর্শিদাবাদে। পাশাপাশি নদিয়া ও মুর্শিদাবাদে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার, সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা বাতাস হতে পারে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে। সোমবার বিকেলের পর কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে এবং মঙ্গলবার থেকে পুরো দক্ষিণবঙ্গেই আবহাওয়ার উন্নতি হবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। মঙ্গলবার বৃষ্টি আরো বাড়বে। এদিকে সারারাত চলেছে টানা বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়ার বিরাম নেই। হওয়ার দাপটে ভেঙে পড়েছে একাধিক গাছ, বিদ্যুতের খুঁটি, পুরোনো বাড়ি। সোমবার সকালেও সেই রেশ কাটেনি, দুর্যোগ অব্যাহত। দমকা হওয়ার গতি কমলেও সঙ্গে লাগাতার বৃষ্টি জনজীবন স্তব্ধ করে দিয়েছে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থীর প্রচারে রোড শো জনসভার সময় পরিবর্তন করা হয়েছে। নিজেই ফেসবুক পোস্টে তা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এদিকে রিমালের জেরে সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ব্যাহত হয় কলকাতার মেট্রো পরিষেবা। একটি নির্দিষ্ট অংশে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। কাজের সপ্তাহের শুরুর দিনেই সকাল থেকে ব্যাহত ছিল গিরীশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল। জানা যায়, এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিট স্টেশনের মাঝে লাইনে জমেছিল জল। পাশাপাশি, হাঁটু পর্যন্ত ডুবে গিয়েছিল পার্ক স্ট্রিট স্টেশনও। বন্ধ করে দেওয়া হয় প্রবেশপথ। আপ ডাউন দুদিকেই মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়।কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে জল বের করার কাজ শুরু করেন। স্টেশনে পাম্প বসিয়ে জমা জল বের করার কাজ শুরু হয়। স্টেশনের গায়ে কিছু ছিদ্র দিয়েও জল ঢুকছিল ভেতরে। মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর চালু হয় মেট্রো। দুপুর ১২.০৫ নাগাদ কবি সুভাষ থেকে মেট্রো ছাড়ে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তবে সোমবার অফিস টাইমে মেট্রোর সমস্যার জন্য সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। একদিকে বৃষ্টি, অপর দিকে মেট্রো পরিষেবায় বিভ্রাট, রীতিমতো নাজেহাল হতে হয়েছে অফিসযাত্রীদের। মেট্রো সূত্রে খবর, ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে পরিষেবা।ঠিক ৪ ঘণ্টা ১৪ মিনিট পর স্বাভাবিক হল মেট্রো পরিষেবা।

ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? মুখ্যসচিবের থেকে তার রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রিমল’-এর জন্য এখনও পর্যন্ত কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে এদিন বিস্তারিত রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবের থেকে।এদিকে ঘূর্ণিঝড় ‘রিমল’-এ এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। কলকাতায় ১ জন ও দক্ষিণ ২৪ পরগনাতে ১ জন মারা গিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *