আ*ন্দোলন স্থলেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই বাংলা 24:-অবশেষে স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পঞ্চম দিনে পড়েছে ডাক্তারদের আন্দোলন। সেই আন্দোলন স্থলেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
“আপনারা কাজে যোগ দিন। আমি আপনাদের দাবিগুলো দেখব। আমি একা সরকার চালাই না। আমি অফিসারদের সঙ্গে কথা বলব। আমাকে একটু সময় দিন। আপনাদের প্রতি আমি কোনও অবিচার করব না। কাজে ফিরুন। অনেক মানুষ মারা যাচ্ছে।
আমি সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে অধ্যক্ষদের চেয়ারম্যান করব। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স ও পুলিশ থাকবে তাতে। আরজি কর সহ সব কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম।”
আন্দোলনকারীদের উদ্দেশে বলছেন মুখ্যমন্ত্রী
“আমি পাঁচ মিনিট সময় নেব। আমাকে বলতে দিন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমার নিরাপত্তার কথা না ভেবেই নিজে ছুটে এসেছি। কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্ণিশ জানাই। আমি নিজে অনেক সাফার করেছি। আমার পোস্টটা বড় কথা নয়। মানুষের পোস্টটাই বড় কথা।
কাল সারারাত ঘুমোতে পারিনি। আমারও কষ্ট হয়েছে। আপনারা যেভাবে বসে আছেন, তাতে আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। ৩৩-৩৪ দিন আমিও রাতের পর রাত ঘুমোইনি। আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়।”
মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের উদ্দেশে মমতা বলেন, আমি অনেক চিন্তা করি। চিন্তা করেই এসেছি।
মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই স্লোগানে উত্তাল আন্দোলনের মঞ্চ। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাকে বলতে দিলে আমি খুশি হব। আমি আপনাদের আন্দোলনকে সমর্থন করি। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক।”
