রবিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ছিল নিষ্প্রদীপ

এই বাংলা 24:- শনিবার দিন দলের সাংসদদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেনা কেউ।তাই প্রতীকী প্রতিবাদে নিষ্প্রদীপ করলেন নিজের কালীঘাটের বাসভবন। রবিবার শপথের সময় গোটা বাড়ির আলো নিভিয়ে প্রতীকী প্রতিবাদ করলেন। মমতার বক্তব্য,‘চিটিংবাজি করে কেন্দ্রে এই সরকার হয়েছে! তার বিরুদ্ধে এটা আমার প্রতীকী প্রতিবাদ।’
মমতা জানান, নানা রকম কারচুপি করে এবং ‘অন্যায়’ পথে মোদি ফের সরকার গড়েছেন। বার বার বলা সত্ত্বেও ভোটের সময়ে অন্যায় রুখতে কোনও ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। এসবের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর শপথ বয়কট করে অন্ধকারে প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন মমতা।
তিনি বলেছিলেন, ‘অগণতান্ত্রিক, অসাংবিধানিক সরকার তৈরি করছে।’ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরে প্রধানমন্ত্রীর আসন মোদির ছেড়ে দেওয়া উচিত ছিল বলেও মনে করেন মমতা। তাঁর যুক্তি, দেশে এ বারের রায় মোদির ‘স্বৈরতন্ত্রে’র বিরুদ্ধেই।
মমতা কালীঘাটের বৈঠকের পরেই বলেছিলেন, ‘এত বড় হারের পরে মোদিবাবুর উচিত ছিল এটা (প্রধানমন্ত্রিত্ব) অন্য কাউকে ছেড়ে দেওয়া!’
