মহান শ্রমিক নেতা শিবনাথ ব্যানার্জীর ১২৮ তম জন্মদিবস পালন

এই বাংলা 24:-গত ১১জুলাই মহান শ্রমিক নেতা শিবনাথ ব্যানার্জীর ১২৮ তম জন্মদিবস পালন করা হলো হাওড়া আর জি সদর দপ্তরে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা সমরজিৎ ব্যানার্জী সহ বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা সাধন মজুমদার, হাওড়া প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা, হাওড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, হাওড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৌরভ সিংহ,সদস্য দেবাঞ্জন চৌধুরী, অভিজিৎ সরকার সহ অনেকেই।


বক্তারা প্রত্যেকেই শিবনাথ ব্যানার্জীর আদর্শের কথা তুলে ধরেন।কে ছিলেন এই শিবনাথ ব্যানার্জী?ইতিহাসে অন্তরালে হারিয়ে গেছেন তিনি।যার হাত ধরে স্বাধীনতার আগে লিলুয়া ওয়ার্কশপে যে ধর্মঘট সংগঠিত হয়েছিল তা শিবনাথ ব্যানার্জীর হাত ধরে।বাউরিয়া জুটমিল সহ বিভিন্ন স্থানে শ্রমিকদের দাবী আদায়ে শিবনাথ ব্যানার্জী ছিলেন সক্রিয়। এমনকি কলকাতায় কংগ্রেস অধিবেশন চলাকালীন নেতাজীর বারণ কে উপেক্ষা করে শ্রমিকদের নিয়ে গান্ধীজির সাথে দেখা করেন।পরে শিবনাথ ব্যানার্জীর অদম্য ইচ্ছা দেখে নেতাজী তার মতামত পরিবর্তন করেন। রাশিয়ার নেতা লেলিনের সাথে দেখা করতে পায়ে হেঁটে শিবনাথ ব্যানার্জী রাশিয়া যান, কিন্তু সেইসময় লেলিন দেহত্যাগ করলে,তার শবযাত্রায় একমাত্র ভারতীয় অংশগ্রহণ করেন। শ্রমিকদের দাবী নিয়ে বহু লড়াই তিনি লড়েছিলেন।হিন্দ মজদুর সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।এমনকি মার্টিন রেল উঠে গেলে,চার হাজার শ্রমিক কর্মচারী বেকার হয়ে গেলে, শিবনাথ ব্যানার্জী লড়াই করে তাদের ভারতীয় রেলে চাকরি দেওয়ান।

হাওড়ার ৪ নিত্যধন মুখার্জি রোডের অফিসে বসতেন তিনি, যেখানে অতীতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অফিস ছিল,যখন উনি হাওড়া কংগ্রেসের সভাপতি ছিলেন।যে অফিসে বহু দেশবরেণ্য নেতা মনিষীদের পদধূলি পড়েছিল। পরবর্তী সময়ে এই ভবনে গড়ে ওঠে শিবনাথ ব্যানার্জী ইনস্টিটিউট অফ লেবার। কিন্তু বর্তমানে এই ভবনটি ভগ্নদশা। হেরিটেজ কমিশনের তরফ থেকে হেরিটেজ ঘোষণা হলেও, বিভিন্ন আইনি জটে আজো এই ভবন ভগ্নদশায় মাথা তুলে দাঁড়িয়ে আছে ইতিহাস কে সাক্ষী রেখে, শুধু মাঝে আবছা ভাবে ভেসে আসছে একটা লেখা “শিবনাথ ব্যানার্জী ইনস্টিটিউট অফ লেবার”।
চিত্র:-সুজিত কুমার পাল
