কলকাতারাজ্য

এখন থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন হাসপাতালের অধ্যক্ষ নিজেই:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

(ফাইল চিত্র)

এই বাংলা 24:-আরজি করের ঘটনার আবহেই রাজ্যজুড়ে হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতিতে আমূল পরিবর্তনের ডাক দিলেন মমতা। এতদিন প্রশাসনের তরফে ঠিক করে দেওয়া হত রাজ্যের সরকারি হাসপাতালগুলির চেয়ারম্যান কে হবেন। পাশাপাশি, সমিতিতে আর কারা থাকবেন তাও ঠিক করে দেওয়া হত। তবে, রাজ্যজুড়ে চিকিৎসকদের আন্দোলনের মধ্যেই এবার পরিবর্তন আসছে রোগীকল্যাণ সমিতিতে। সোমবার সাংবাদিক সম্মেলনে মমতা স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে উদ্দেশ্য করে বলেন, ‘এখন থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন হাসপাতালের অধ্যক্ষ নিজেই। সঙ্গে সমিতিতে একজন নার্সকে রাখবেন। একজন পুলিশকে রাখবেন। স্থানীয় থানার আইসিকে রাখবেন। একজন সিনিয়র ডাক্তার, একজন জুনিয়র ডাক্তার আর স্থানীয় বিধায়ককে রাখবেন। আর কাউকে সমিতিতে রাখার দরকার নেই। যাঁরা সরাসরি হাসপাতালের সঙ্গে যুক্ত তাঁরাই থাকুক’। চিকিৎসকদের সঙ্গে বিশেষ বৈঠকের বার্তাও দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘ডাক্তাররা যদি আমার সঙ্গে আলোচনায় বসতে চান তো বসতেই পারেন। আমি তো চাই কথা বলতে’। স্বাস্থ্যসচিবের উদ্দেশ্যে মমতা বলেন, ‘আগামী বৃহস্পতিবার বেলা একটা নাগাদ বৈঠক করব। রাজ্যের সব হাসপাতালের অধ্যক্ষকে থাকতে বলবেন। জেলার যাঁরা আছেন তাঁদের বলবেন ভার্চুয়ালি থাকতে। সিনিয়র ডাক্তারদের একটা দলকেও আসতে বলে দিন। জুনিয়র ডাক্তারদেরও একটা প্রতিনিধি দলকে আসতে বলে দিন। সবাইকে আমন্ত্রণপত্র পাঠিয়ে দেবেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *