আন্দুলে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, আন্তর্জাতিক পাচার চক্রের যোগ?

রণতোষ মুখোপাধ্যায়,এই বাংলা 24:-নেশায় ব্যবহৃত নিষিদ্ধ কাফ সিরাপের খোঁজ মিলল হাওড়ার আন্দুলে। এর পিছনে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ থাকার অভিযোগ উঠেছে। সাঁকরাইল থানা এলাকার আন্দুল স্টেশন রোড সংলগ্ন দুইল্যা পরিচয় পার্কের কাছে একটি বাড়িতে হানা দিয়ে পুলিস পেটি পেটি সিরাপের বোতল উদ্ধার করেছে। সব মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৩৬৯ লিটার নিষিদ্ধ কাফ সিরাপ। বাংলাদেশে নেশার দ্রব্য হিসেবে এই সিরাপের বিপুল চাহিদা রয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সাঁকরাইল থানার পুলিস। মঙ্গলবার রাত পর্যন্ত দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সূত্রের খবর, হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং সাঁকরাইল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন আন্দুল স্টেশন রোডের ওই বাড়িতে। সেখানে থরে থরে সাজানো নিষিদ্ধ সিরাপের পেটি। সব মিলিয়ে পাওয়া গিয়েছে ২৬টি পেটি। পুলিস জানিয়েছে, ওই বাড়ি থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হল দীপেন চট্টোপাধ্যায়, সুরজ মহানন্দ এবং জাভেদ আক্তার। ধৃতদের মধ্যে দীপেন আন্দুলের বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি ওড়িশায়। গত কয়েক মাস ধরেই এই বাড়িতে চলছিল নিষিদ্ধ কাফ সিরাপ মজুত করার কাজ।
প্রসঙ্গত, আন্দুল রোডের এই বাড়ি থেকে ৩৬৯ লিটার কাফ সিরাপ ছাড়াও প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই নথিপত্র যাচাই করে পাচারচক্রের আরও গভীরে যাওয়া যাবে বলে অনুমান তদন্তকারীদের।
স্থানীয় সূত্রে খবর, ওষুধের ব্যবসা করার নামে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। এ নিয়ে সাঁকরাইলের বিডিও বলেন, নিষিদ্ধ কাফ সিরাপ ভর্তি ২৬টি পেটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ওই কাফ সিরাপের বেশ কিছু খুচরো বোতলও পাওয়া গিয়েছে ওই বাড়ি থেকে।
চিত্র :-হাওড়া সিটি পুলিশ
তথ্য লিখন সৌজন্য:-রণতোষ মুখোপাধ্যায় হাওড়া টাইমস্
